|

বাশিকপ প্রতিষ্ঠার ইতিহাস — ১৪ সেপ্টেম্বর ১৯৫৭

বাশিকপ প্রতিষ্ঠার ইতিহাস — ১৪ সেপ্টেম্বর ১৯৫৭
বাশিকপ সংবাদ · ইতিহাস

বাশিকপ প্রতিষ্ঠার ইতিহাস

— BCCW News.doc

তদানীন্তন পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় ও আন্তর্জাতিক শিশু কল্যাণ পরিষদের উৎসাহ ও সহায়তায়, এ অঞ্চলে বসবাসকারী সে সময়ের বিশিষ্ট ও বরেণ্য শিশু সংগঠক ও সমাজকর্মীদের সংগঠন ঢাকা নেইবারহুড ক্লাবের সদস্যদের মধ্য থেকে সে সময়ের পাক-ভারত উপমহাদেশের প্রথম মুসলিম পিএইচডি ডিগ্রি লাভকারী মহিলা ড. আমেনা রহমানকে আহ্বায়ক এবং জাতীয় শিশু কিশোর সংগঠন মুকুলফৌজ, সবুজসেনা, কচিকাঁচার মেলা ও বয়স্কাউটস এর প্রতিনিধিদের সদস্য করে একটি সমন্বয়কারী সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় নীতিমালা প্রণয়ন করে শিশুদের সংগঠনগুলোকে একত্রিত করা হয়। তাদের আন্তরিক উদ্যোগের যৌথ ফসল স্বরূপ ১৫টি শিশু-কিশোর সংগঠন নিয়ে ১৪ সেপ্টেম্বর ১৯৫৭ খ্রীষ্টাব্দে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত প্রথম কাউন্সিল অধিবেশনের মাধ্যমে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ—বাশিকপ প্রতিষ্ঠিত হয়।

শুরু থেকেই পরিষদ সকল শিশুর অধিকার সুরক্ষা এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে সাধ্যানুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদানের পাশাপাশি অবহেলিত, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের জন্য প্রয়োজনীয় সেবা ও সহায়তার জন্য নানারূপ কর্মসূচী ও পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষত ষাটের দশকের শুরু থেকে প্রতিবন্ধী শিশুদের তথ্য সংগ্রহের জরীপ কার্যক্রম পরিচালনা ও প্রকাশনা, প্রতিবন্ধী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন ও পরিচালনা, স্বাবলম্বীতা অর্জনে সহায়তার জন্য সহায়ক উপকরণ তৈরীর ব্রেস ওয়ার্কসপ স্থাপন, সমাজ ভিত্তিক পুনর্বাসন কর্মসূচীর আওতায় কার্যক্রম গ্রহণ, স্বাবলম্বীতা অর্জনে প্রশিক্ষণ ও পুনর্বাসন, বিশেষ শিক্ষা কার্যক্রম ও নিয়মিত পাঠদান কর্মসূচী বাস্তবায়নসহ বিভিন্ন ধরনের কার্যক্রম দ্বারা এ অঞ্চলের সকলের প্রশংসা অর্জন করেছে।

উৎস: 05. News / BCCW News.doc