|

অভিযান

অভিযান
ছোটদের ভুবন — গল্প · সেপ্টেম্বর ২০২৬

রম্য অভিযান · সেপ্টেম্বর ২০২৬

সেদিনের অভিযান।

অনেক দিন হাঁটতে যাওয়া হয় না। তবে সেদিন ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে দেখি চাচ্চু আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা বের হয়ে পড়লাম অভিযানে। আমরা প্রত্যেক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাঁটতে যাই, ঠিক হাঁটতে না অভিযান করতে।

চাচ্চু অনেক দিন ধরে একটা জিনিসের পিছনে ছুটছেন, মাঝে মাঝে কিছু ট্রাক যায় সেদিক দিয়ে সেগুলোর গায়ে লেখা থাকে ‘জরুরি শিশু খাদ্য’। চাচ্চু সেটার একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট দিতে চান। আমরা যখন ক্যাম্পাসে চলে এলাম, তখন চাচ্চু বললেন, ‘তোমরা কি কোথাও জরুরি শিশু খাদ্য পেয়েছো?’

আমি, ছোট ভাইয়া আর জাবির ভাইয়া (চাচ্চুর ভাষায় দন্ত ন আব্দুল্লাহ) ছিলাম চাচ্চুর সাথে। ছোট ভাইয়া বলল, ‘চাচ্চু, কিছুদিন আগে আমি আর জাবির ভাইয়া লালবাগের কেল্লায় যাওয়ার সময় একটি শিশু খাদ্যের ট্রাক দেখেছিলাম।’

চাচ্চু উত্তেজিত হয়ে বললেন, ‘ছবি তোলোনি।’

ছোট ভাইয়া বলল, ‘ছবি তোলার ইচ্ছা ছিল কিন্তু আমার কাছে বাটন সেট মোবাইল ছিল, তাও আবার মোবাইলের ছবির স্টোরেজ শেষ হয়ে গিয়েছিল।’

চাচ্চুর বেজার হলেন। তারপর আমরা হাঁটতে থাকলাম। আমরা এসএম হলের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম, গাছের ডালে কিছু পোস্টার টাঙানো। তাতে লেখা ‘সুন্দর ও দ্রুত হাতের লেখা’।

চাচ্চু টপাটপ সেই পোস্টারের ছবি তুলে ফেললেন। সাথে সাথে ফেসবুকে পোস্ট দিলেন। ক্যাপশনে লিখলেন, ‘মানলাম সুন্দর’ হাতের লেখা। কিন্তু ‘দ্রুত’ কি? কী মুসিবৎ। এটা তো গাছের সাথে আটকে আছে। দ্রুত হলো ক্যামনে?”

তারপর আমরা আরও সামনে এগোতে লাগলাম। সাধারণত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক কুকুর থাকে, আমার কিন্তু কুকুর অনেক ভয় করে। তবে আজকে বেশি কুকুর নেই।

আমি চাচ্চুকে জিজ্ঞেস করলাম, ‘চাচ্চু আজকে সব কুকুর কোথায় গেল?’

চাচ্চু বললেন, ‘করোনা শেষ, সামনে তো স্কুল খুলে দিবে, তাই সবাই মিলে ঘুরতে গেছে।’

কিছু কিছু কুকুর ছিল তাদের দিকে ইঙ্গিত করে চাচ্চুকে বললাম, ‘তাহলে এরা কেন আছে?’

চাচ্চু বললেন, ‘কারণ এদের কাছে বাসের ভাড়া নেই।’

আমরা হাসিতে ফেটে পড়লাম।

কিছুক্ষণ পর চাচ্চু সবাইকে ডেকে বললেন, ‘দেখো একজন কমেন্ট করেছে এটা কি এসএম হলের ভিতর’। চাচ্চু সেখানে রিপ্লাই দিলেন, ‘জি, সম্ভবত আপনার সাবেক এলাকা।’

তারপর আমরা আরও হাঁটতে হাঁটতে চাচ্চুর সাথে অনেক গল্প করতে থাকলাম। অনেক কিছু দেখতে দেখতেই শেষ হলো আমাদের আজকের অভিযান।

লেখক: আহমদ ওমর আবদুল্লাহ · সেপ্টেম্বর ২০২৬ · ছোটদের ভুবন — গল্প