|

আইয়ান কোথায়?

আইয়ান কোথায়?
ছোটদের ভুবন — গল্প · সেপ্টেম্বর ২০২৬

ভৌতিক গল্প · সেপ্টেম্বর ২০২৬

‘এই আইয়ান!’ বলল ফাহিম।

‘কি হয়েছে, বলবি তো?’ আইয়ান উত্তর দিল।

‘চল ঘুরে আসি।’

‘কখন, কোথায় যাবি?’

‘এখন বাজে রাত ৯টা, রাত বারোটা বাজে আমরা বের হব।’ বলল ফাহিম।

‘কোথায় যাবি?’ আইয়ান আবার প্রশ্ন করল।

‘ওয়াবদায়!’

ওয়াবদা হলো তাদের গ্রামের একটি পরিত্যক্ত জায়গা, যেখানে মুক্তিযুদ্ধের পরিত্যক্ত বাড়ি আছে। সেটা আবার ফাহিমদের স্কুল যাওয়ার পথে।

সেটি যেরকম রাতের বেলা সুন্দর, সেরকম ভয়ংকরও! থমথমে পরিবেশে কার-ই না হাঁটতে ভালো লাগে।

‘আমি যাব না, তুই যা।’ আইয়ান বলল।

‘আরে চল, অনেক মজা হবে।’ ফাহিম বলল।

এভাবে কথা বলতে বলতে বারোটা বেজে গেল এবং তাদের ওয়াবদার দিকে যাওয়ার সময়ও হয়ে গেল। শেষ পর্যন্ত আইয়ানও যেতে রাজি হয়ে গেল। তারা দুজনেই এবার ওয়াবদার দিকে রওনা হলো।

২.

ফাহিম বলল, ‘চল আমরা একটা রেস করি। বেশিক্ষণ এই জায়গায় থাকা যাবে না।’

তাই তারা দৌড়ানো শুরু করল।

ফাহিম তো সেই কখন পৌঁছে গেছে, কিন্তু আইয়ান তো এখনো আসলো না। ওকে খুঁজে পাচ্ছে না।

ফাহিম বাগানে খুঁজলো, মাঠে খুঁজলো, খালে খুঁজলো। কিন্তু কোথাও পেল না। আইয়ানকে কোথাও না পেয়ে শেষমেষ ফাহিম বাড়িতে ফিরে যাওয়ার জন্য রওনা হলো।

এদিকে আইয়ানের মা-বাবা এত রাতে আইয়ানকে বাসায় না পেয়ে হয়রান হয়ে বলতে লাগল, ‘আমার ছেলেটা গেল কই? রাত একটারও বেশি বাজে, এখনো আসলো না!’

আইয়ান হলো ফাহিমের মামাতো ভাই।

ফাহিম বাসায় ঢুকল। ওকে দেখে আইয়ানের বাবা অর্থাৎ ফাহিমের মামা ওকে অনেক বকাঝকা করে বলল, ‘এতক্ষণ বাইরে ছিলি কেন? আইয়ান কোথায়?’

ফাহিম তখন ওদেরকে সব কথা খুলে বলে।

মামা বাজারে খুঁজে দেখতে বললেন। যেমন কথা তেমন কাজ। ফাহিম বাজারে গেল। খুঁজতে লাগল। তখন হঠাৎ বাজারের দিঘিতে এমন এক দৃশ্য দেখে ফাহিম চিৎকার শুরু করল।

গ্রামের সবাই দিঘির দিকে চলে আসল।

এসে দেখল আইয়ান দিঘিতে ভাসছে!

লেখক: আহমদ যায়িদ আবদুল্লাহ · সেপ্টেম্বর ২০২৬ · ছোটদের ভুবন — গল্প