|

ঘুড়ির নেশায়

ঘুড়ির নেশায়
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

ঘুড়ির নেশায়

— রবিউল মাশরাফী

আনন্দে কী, উড়ছে দেখি!
লেজ নাড়িয়ে ঘুড়ি
ইচ্ছে করে আকাশ পরে
ঘুড়ির মতো উড়ি।
বিকেল হলে মায়ের কোলে
মন বসে না পাঠে
সুযোগ খুঁজে নাটাই গুঁজে
বেরিয়ে পড়ি মাঠে
মা রেগে যান ওরে বাজান
আমার কথা শোনো
যতই উনি ডাকেন শুনি
মন মানে না কোনো।
কঠিন স্বরে বারণ করে
যাসনে বাবা দাঁড়া,
শুনবো না মা,শুনবো না মা
আছে ভীষণ তাড়া।
সর্প ঘুড়ি মৎস্য ঘুড়ি
রাঙা ঘুড়ির হাটে
আমার ঘুড়ি দৈত্য ঘুড়ি
সব ঘুড়িকে কাটে।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · ঘুড়ির নেশায়